জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে জেকি ব্রিকস-২ কে দুই লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার হাসেমী ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ জারি করা হয়। এতে প্রতিকিউপরের দায়িত্ব পালন করেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রঞ্জিত বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসিসহ ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের এই প্রতিবেদককে বলেন, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে ইটভাটাগুলোয় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















