জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জামালপুরের যৌথ উদ্যোগে মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালন করা হয়েছে। ২৩ নভেম্বর, সোমবার এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
অভিযানের সময় মেলান্দহ উপজেলার চারাইলদার এলাকায় ইএলটি ব্রিকস এবং মাহমুদপুর এলাকায় বিসমিল্লাহ ব্রিকসে দুই লাখ টাকা করে চার লাখ টাকা অর্থদণ্ড ধার্য্য ও আদায় করা হয় এবং ইএলটি ব্রিকসের চুল্লিতে আগুন চলমান থাকায় ফায়ার সার্ভিসের মাধ্যমে চুল্লিতে পানি ছিটিয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি সহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেলান্দহ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি এই প্রতিবেদককে বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















