সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। ১৮ নভেম্বর, বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব। জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মরজুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, সদর উপজেলা, পৌর শাখা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছি। আর ঠিক তখনই আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য রুখে দিতে রাজপথে থাকবো। যেকোনো নৈরাজ্য ঠেকাতে জামালপুর জেলা যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে নেতা-কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অপরদিকে একই দিন বিকালে জেলা যুবদলের অপর একটি অংশের নেতাকর্মীদের উদ্যোগে জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। জেলা যুবদলের সদস্য ইমরান কায়ছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, মেহেদী হাসান ইলি প্রমুখ।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা বলেন, সারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন নৈরাজ্য সৃষ্টি করছে। বিগত দিনেও জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য রাজপথে ছিলাম। আজও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি। আগামীতেও থাকব। ১৭টি বছর যে জুলুম এবং নির্যাতন করেছেন সেটি বাংলার জনগণ ভুলে গেছে। কিন্তু আমরা ভুলে গেছি এটা ভাববার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলব আপনি দ্রুত সময়ের ভেতরে শেখ হাসিনাকে দেশে এনে, দেশের আইন অনুযায়ী বিচার করে তাকে ফাঁসির দড়িতে ঝুলান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















