জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে একজন বৃদ্ধ মারা গেছেন।১৬ অক্টোবর, শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সায়ের উদ্দিন প্রামাণিক মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে সড়ক পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। সেখানে একটি চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার কান ও মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে অ্যাম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে একজন বৃদ্ধ মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















