সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ ১৬ অক্টোবর, শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সরকারি বিভিন্ন সহায়তা ও উন্নয়নমূলক কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে একটি নিষিদ্ধ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করছে। তবে বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধের প্রভাব বিবেচনায় জনগণকে ধৈর্য ধরতে হবে।
মন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত রয়েছে। এই হাতগুলো দেশের উন্নয়নে কাজে লাগানো গেলে বাংলাদেশ অচিরেই উন্নতির শিখরে পৌঁছাবে।
আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বহির্বিশ্বে বর্তমান সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণও করা হয়।
এর আগে, মন্ত্রী বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সফলতা অর্জনের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
বাংলারচিঠিডটকম ডেস্ক 


















