জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অভিযানে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-১ এই অভিযান পরিচালনা করে। ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় এলাকার স্থানীয় অনু শেখের মনোহারি দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযান চলাকালে আব্দুর রশিদকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা উজান পাড়া গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার এই প্রতিবেদকেকে বলেন, এই ঘটনায় ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার আসামিকে ১৩ অক্টোবর, মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এই প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। জেলায় মাদক ব্যবসায়ী ও চোরাচালানের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















