জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ২১ সেপ্টেম্বর, বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার আল রেজা হাসপাতালের সামনে এই অভিযান চালান তিনি।
জানা গেছে, অটোরিকশায় ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পেরিয়ে যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এ সময় তিনি অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেয়া হচ্ছে তা নিশ্চিত হয়ে জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে সারের বস্তাগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এই প্রতিবেদককে বলেন, সারের বস্তাগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















