জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ফকির আলী (৪৫) নামের একজন ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ আগস্ট, বৃহস্পতিবার রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ফকির আলী ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরোনো টিন ও লোহার (ভাঙারি) ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি তিনি দোকানেই রাতযাপন করতেন। সেখানেই রান্না করে খাবার খেতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ আগস্ট, বুধবার রাতে খাবার খেয়ে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন ফকির আলী। পরদিন ২৭ আগস্ট সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাতে ফকির আলীর ভাই লিকসন দোকানে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা শাটারের নিচ দিয়ে ভেতরে তাকালে মেঝেতে ফকির আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে শাটার খুলে মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ২৮ আগস্ট, শুক্রবার সকালে তার মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















