জামালপুরে র্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য সহ একজনকে আটক করা হয়েছে। ২ আগস্ট, রবিবার সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করা হয়। বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব -১৪ এর জামালপুর সিপিসি-১।
জামালপুর র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র্যাব জামালপুর ক্যাম্পের সদস্যরা বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে চালক আমজাদ হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সিএনজি চালকের দেওয়া তথ্যমতে পাঁচ হাজার ৭৭২টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। পাশাপাশি একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ এই প্রতিবেদককে জানান, জব্দকৃত আলামত ও আটক আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 









