গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ।
২২ জুন, সোমবার বিকালে উন্নয়ন সংঘের (ইউএস) ডিটিআরসি মিলনায়তনে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও ডিএইচএএলের সহযোগিতায় উন্নয়ন সংঘ (ইউএস) এই অনুষ্ঠানের আয়োজন করে।
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল আলোচক ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী সাইদুর রহমান। আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, পরামর্শক মো. রফিকুল আলম মোল্লা এবং জামালপুর প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান লিখন।
মূল আলোচক আইনজীবী সাইদুর রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম জনগণ ও রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে সাংবাদিকেরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসেন। যা সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত বেশি মানবাধিকার লঙ্ঘন হবে, জাতিসংঘের সূচকে বাংলাদেশের মান তলানিতে গিয়ে ঠেকবে।
সংলাপে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, তথ্য প্রাপ্তির অধিকার, সংবাদকর্মীদের নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্বে মানবাধিকার বিষয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক’ গঠন করা হয়। এতে মো. মেহের উল্লাহকে আহ্বায়ক এবং সাগর ফরাজীকে সদস্যসচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়।
বাংলারচিঠিডটকম ডেস্ক 


















