জামালপুরের ইসলামপুর উপজেলায় বাজার উন্নয়নে স্থাপনা নির্মাণ কাজ বাঁধা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পার্থশী ইউনিনের মলমগঞ্জ বাজার উন্নয়ন নির্মাণ কাজ বন্ধ হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন।
জানা গেছে, উপজেলার মলমগঞ্জ বাজারের ১৭৪৫ নম্বর দাগে খাস খতিয়ানভুক্ত ২৮ শতক জমির উপর দীর্ঘদিন ধরে ৪০টি দোকান পরিচালিত হয়ে আসছে। এলজিইডির প্রভাতী প্রকল্পের আওতায় প্রায় ৬৩ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে প্রকল্পের প্লান অনুযায়ী দোকানিদের অঙ্গীকারনামা নিয়ে ইউনিয়ন ভূমি কার্যালয় মাঠে সাময়িকভাবে দোকানগুলো স্থানান্তর করে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ১৫ দিন আগে বাজার উন্নয়নে নির্মাণ কাজ শুরু করা হয়। একটি মহল কাজে বাঁধা দেয়। খাস জমিতে আম্বিয়া বেগম নামের এক বিধবা মহিলার ৩ শতাংশ জমি রয়েছে দাবি করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বণিক সমিতির নামে অপপ্রচারও চালান তিনি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্নয়ন কাজে বাঁধা দেওয়ায় বিচারের দাবি জানান ।
মলমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি সামছুল হক প্রধান অভিযোগ করে বলেন, বাজার উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর পরেই একটি চক্র আমাদের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করেছে। শুধু তাই নয়, আম্বিয়া নামের একজন মহিলাকে দোকানি সাজিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও চালানো হচ্ছে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রধান বলেন, বিগত সরকার আমলেও তারা এই এলাকাকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল। এখনও একই কাজ করার চেষ্টা করছে। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















