জামালপুর শহরে গৃহবধূ তানিয়াকে নির্মম নির্যাতন ও পুড়িয়ে মেরেছে ঘাতক স্বামী আইনজীবী হোসেইন মো. তাইফুর। ৫ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে জামালপুর শহরের দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। তাইফুরকে আটক করেছে পুলিশ।
নিহত তানিয়ার পরিবারের স্বজনেরা জানান, তানিয়া ও আইনজীবী হোসেইন মো. তাইফুরের সংসারে দুটি সন্তান আছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে ৫ মার্চ রাতে হোসেইন মো. তাইফুর নির্মম নির্যাতনের একপর্যায়ে তানিয়াকে বিছানার লেপ পেচিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মারা যান তানিয়া।
এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত তানিয়ার স্বামী তাইফুরকে আটক করেছে সদর থানা পুলিশ।
নিহত তানিয়ার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, হোসেইন মো. তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি। এর জন্য তানিয়া বেশির ভাগ সময় তার বাবার বাড়িতে থাকতেন। ৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়ি দড়িপাড়ায় যান তানিয়া। রপরই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদককে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোসেইন মো. তাইফুরকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য তানিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক এঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















