উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে জামালপুর শহরের বেলটিয়াস্থ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের সৃজনশীলতা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে মশাল প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সহ-সভাপতি শেখ মো. জোলফোক্কার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম।
ক্রীড়া ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মানসী গোস্বামী এবং সহকারী শিক্ষক মো. ওবাইদুল্লাহ। ক্রীড়া কমিটি-২০২৬ এর আহবায়ক সহকারী শিক্ষক মো. ইমামুল আহসান এবং সদস্য সচিব সহকারী শিক্ষক সেং চাং ম্রংয়ের নেতৃত্বে মাঠের কার্যক্রম পরিচালিত হয়।
ক্রীড়া পরিচালনায় আরও যুক্ত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ আরিফুন জাহান সাথী, আলতাফুর রহমান, শাহানা সুলতানা লাভলী, শফিকুল ইসলাম সুজন এবং এস এফ এম রোকনুজ্জামান। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শাখার সকল শিক্ষকবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়।

পুরো অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল খেলাধুলা ও পুরস্কার বিতরণী এবং দ্বিতীয় পর্বে ছিল প্রতিষ্ঠানের ‘শিশু বিকাশ কেন্দ্র’-এর সৌজন্যে শিশুদের সৃজনশীলতা প্রদর্শনী। যা পরিচালনা ও তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক সাবেরা ইয়াসমিন লাকী এবং তাকে সহযোগিতা করেন সহকারী শিক্ষক আশা খাতুন। আকর্ষণীয় ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।
খেলার আকর্ষণীয় সব ইভেন্টের মধ্যে সবশেষে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ইভেন্ট ‘যেমন খুশি তেমন সাজো’। এছাড়া খেলাধুলায় শিক্ষক ও অভিভাবকদেরও অংশগ্রহণের সুযোগ ছিল।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন উপাধ্যক্ষ (এডমিন) হুমায়ুন কবীর, উপাধ্যক্ষ (একাডেমিক) মো. মোজাম্মেল হক এবং প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) সালমা আক্তার। সার্বিক নির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.)।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার ও সনদ তুলে দেন। সব শেষে সমাপনী ভাষণের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি শেখ মো. জোলফোক্কার রহমান।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















