গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ নানা অভিযোগ তুলে জামালপুর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। ৩১ জানুয়ারি, শনিবার রাতে মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রেজাউল করিম হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতা-কর্মীরাও রয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এ প্রতিবেদককে বলেন, বিগত ছয়-সাত বছর ধরে তৃণমূল পর্যায় থেকে শ্রম দিয়ে দলটি গড়ে তুলেছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের যে আদর্শ ও রাজনীতি আমরা দেখেছি। দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।
তিনি আরও বলেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রথমে প্রার্থী ঘোষণা করে মাত্র ১৫ মিনিটের মধ্যে তা পরিবর্তন করা হয়। সারা দেশে ৯৩টি আসনে দল যে প্রার্থী ঘোষণা করেছিল, তা নিয়েও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন মেনে নিতে পারিনি।
নেতাদের ভাষ্য, এসব বিষয়ে প্রায় ১৫০ জন নেতা-কর্মী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আপত্তি জানালেও তা উপেক্ষা করা হয়েছে। এতে দলীয় সিদ্ধান্তহীনতা ও আদর্শগত দুর্বলতা স্পষ্ট হওয়ায় তারা হতাশ হয়ে পড়েন।
পদত্যাগের অন্যকোন কারণ আছে কি না এমন প্রশ্নে নেতারা জানান, দলীয় নীতিগত ও আদর্শিক অবস্থান থেকে সরে আসাটাই তাদের পদত্যাগের মূল কারণ। অন্যকোন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তারা।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন- জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস. সি. শহীদ আহম্মেদ, প্রকৌশলী আব্দুল কাইয়ুম, কর্ম ও সমবায় সম্পাদক সুমন শেখ, মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্মআহবায়ক জাকারিয়া আহম্মেদ পলাশ, মেলান্দহ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি রিপন মাহমুদসহ শতাধিক নেতা-কর্মী।
এ বিষয়ে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন এ প্রতিবেদককে বলেন, যারা পদত্যাগ করেছেন, তারা প্রকৃত অর্থে দলকে বুকে ধারণ করেননি। তাদের চলে যাওয়ায় দলের উপর কোন ধরনের প্রভাব পড়বে না। সংগঠন আগের মতই কার্যক্রম চালিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















