মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এ মিছিল বের করা হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। রায়টি দ্রুত কার্যকরের পাশাপাশি আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 









