জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক মনিরুজ্জামান লিমনসহ তিনজনের নামে চাঁদাবাজির মামলা ও হত্যার চেষ্টা মামলা দায়ের হয়েছে। ২১ জুলাই, সোমবার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী ইসমাইল সিরাজী বাদী হয়ে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মামলা আমলে নেয়ার আদালত বকশীগঞ্জে মামলাটি দায়ের করেন।
মামলায় দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক ভোরের চেতনায় বকশীগঞ্জ প্রতিনিধি ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন এবং তার বড় ভাই পল্লী চিকিৎসক মিল্লাত হোসেন ও মাদরাসা শিক্ষক আরেক ভাই মো. রেজাউল করিমকে আসামি করা হয়েছে। মিথ্যা অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিক মনিরুজ্জামান লিমন দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী ইসমাইল সিরাজীর সঙ্গে একই গ্রামের মফিজল হকের ছেলে মিল্লাত হোসেনের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ১৯ জুলাই, শনিবার বেলা ১১টার দিকে মিল্লাত হোসেনের বাড়ির সামনে গিয়ে তাকে বাড়ি থেকে বের হতে বলেন ইসমাইল সিরাজী।
পরে মিল্লাতের ভাই রেজাউল করিম ও সাংবাদিক মনিরুজ্জামান লিমন তার বড় ভাই মিল্লাত হোসেনকে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটি হয়। এসময় স্থানীয়রা উভয় পক্ষকে ঝগড়া থামিয়ে বাড়িয়ে পঠিয়ে দেন। এ ঘটনায় ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি মিল্লাত হোসেন, মিল্লাতের ছোট ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমন, আরেক ভাই রেজাউল করিমকে আসামি করে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে জামালপুর আদালতে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলাটি এফআইআর ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।
এদিকে সাংবাদিকের নামে দায়ের করা মামলাটিতে মিথ্যা অভিযোগ আনা হয়েছে দাবি করে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর জেলা ও বিভিন্ন উপজেলা এবং বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকেরা। আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী কর্তৃক সাংবাদিকের নামে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
ওই মামলা প্রসঙ্গে সাংবাদিক মনিরুজ্জামান লিমন বলেন, ইসমাইল সিরাজী আমার বড় ভাই মিল্লাত হোসেনের শ্যালক। পাশাপাশি আমাদের বাড়ি। জমি নিয়ে বিরোধের জের ধরে হয়রানি করতেই আমাদের তিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে চাঁদাবাজির মামলায় আসামি করেছেন। ঘটনার সত্যতা প্রমাণে সরেজমিনে তদন্ত করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এই মামলাবাজের এর হাত থেকে বাঁচতে চাই।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী ইসমাইল সিরাজী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চাওয়া হয়েছে , যা হবে আইনের মাধ্যমে হবে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 












