জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কর্তন কার্যক্রম শুরু হয়েছে। ৭ মে বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
এ সময় জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, মোসলেমাবাদ বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানসহ প্রকল্পের সুফলভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকায় ৮২ জন কৃষক সমলয় চাষাবাদ পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধানের চাষ করেন। এ প্রকল্পের অধীন চাষিদের চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ট্রে-তে বীজতলা তৈরি, সার-বীজ-কীটনাশকের সুষম ব্যবহার, রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ, হারভেস্টার মেশিনে কাটা, ঝাড়াই-মাড়াইসহ যাবতীয় খরচ বহন করে স্থানীয় কৃষি বিভাগ।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















