জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বিকালে নতুন নেতৃবৃন্দের কাছে নবগঠিত কমিটি হস্তান্তর করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত নবগঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে কমিটি হস্তান্তর করেন।
এর আগে ১২ মার্চ বুধবার পাঁচ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ ওয়ারেছ আলী মামুন।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আংশিক কমিটিতে বর্তমান আহ্বায়ক মানিক সওদাগরকে সভাপতি , সাবেক ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম সনজুকে জ্যেষ্ঠ সভাপতি, রফিকুল ইসলাম কারীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়নুর রহমান সম্পদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এছাড়াও বকশীগঞ্জ পৌর বিএনপিতে জামালপুর জেলা জজ আদালতের পিপি আইনজীবী মো. আনিছুজ্জামান গামাকে সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি শাকিল তালুকদারকে সাধারণ সম্পাদক, ছানু সওদাগরকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, নজরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহজাহান পারভেজ শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। এদিকে নতুন কমিটি ঘোষণায় বকশীগঞ্জ উপজেলায় বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে আনন্দ মিছিল করে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে দলের নেতা-কর্মীরা।
নবগঠিত বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, এই কমিটির মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। নেতা-কর্মীদের চাওয়া পাওয়ার মূল্যায়ন করেছে জেলা বিএনপি। এই কমিটি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ে ত্বরান্বিত করবে। তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য ১৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২৩ দিন পর ১২ মার্চ বুধবার উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে জামালপুর জেলা বিএনপি।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















