দেশব্যাপী ধর্ষণ-ছিনতাইয়ের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি সকালে ইসলামপুর উপজেলা অডিটরিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর থানা ফটকে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি মানসুর আহমাদ আবির, উপদেষ্টা আলাল উদ্দিন, ইসলামপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া, সদস্য রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারীর শ্লীলতাহানি সমাজের জন্য লজ্জাজনক। ধর্ষণ-ছিনতাই রুখতে, অপরাধীর শাস্তি নিশ্চিত, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতার মাধ্যমেই সহিংসতা বন্ধ করতে প্রশাসনের উদ্যোগী হতে হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















