বিজয় দিবসে জামালপুরের সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঐতিহাসিক গণময়দানে সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা জমায়েত হন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিমলা বাজারসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে আরামনগর বাজার জি কে প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রকৌশলী মাসুদ রানা দুলালের সভাপতিত্বে ও সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, কর্ম পরিষদ সদস্য আইনজীবী সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, পৌর আমির ডা. গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















