
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে দেওয়া জুলিও-কুরি শান্তি পদক বাঙালির এক অসাধারণ অর্জন ও প্রাপ্তি। স্বাধীন বাংলাদেশে এটিই কোন রাষ্ট্রপ্রধানের প্রথম প্রাপ্তি। এজন্য জাতির পিতাও তার এ প্রাপ্তি উৎসর্গ করেছিলেন মুক্তিযোদ্ধা, শহীদসহ দেশবাসীর প্রতি।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ওইসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















