জামালপুরের ইসলামপুর উপজেলায় গাঁজা কারবারি সজিব মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৯ নভেম্বর, সোমবার বিকালে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সজিব মিয়া উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ঘটনাস্থলে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জোবায়ের এই প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















