জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়াও তার ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
১০ অক্টোবর, শনিবার ইসলামপুর পৌর এলাকার দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সাথে চাচাত ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১০ অক্টোবর সকালে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















