“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর, রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সমবায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের খরকা সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোয়াজ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মনজুরুল ইসলাম মুসা, সাধারণ সম্পাদক মোস্তাক খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব। এ জন্য সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, নিষ্ঠা ও সহযোগিতার মনোভাব বাড়াতে হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















