জামালপুরের ইসলামপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেত্রী পুতুল রানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পরলে ৯ অক্টোবর পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রানীসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পুতুল রানী এই মামলার এজাহারভুক্ত আসামি।
১ নভেম্বর, রবিবার বিকালে ইসলামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামালপুর চিফ জুডিসিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুতুল রানী ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষকলীগের মহিলা-বিষয়ক সম্পাদক।
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান এই প্রতিবেদককে বলেন, এজাহারভুক্ত আসামি পুতুল রানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 














