“সবুজে নিরাপদ থাকি” সংগঠনের উদ্যোগে এবং “একটি চারা আশার ধারা” স্লোগানকে প্রতিপাদ্য মেনে জামালপুর সদর উপজেলার ৫ নম্বর ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দার নায়েবালী মোড় থেকে রুহুলী গ্রাম ও এর আশেপাশের রাস্তার পাশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে তিন শতাধিক তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ রক্ষা এবং গ্রামের সাধারণ মানুষকে বজ্রপাতের মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখতে মানবকল্যাণমূলক এই চমৎকার আয়োজনটি সম্পন্ন হয়।
সবুজে নিরাপদ থাকি সংগঠনটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আক্কাস আলী এবং প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী, স্বনামধন্য শিক্ষক রেজাউল করিম নোমানের নেতৃত্বে এলাকাবাসীকে সাথে নিয়ে এই মহতি উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইটাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান গোপন, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির এবং জনপ্রিয় উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোখসেদুর রহমান চানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
তালবীজ রোপণের এই সময়োপযোগী কর্মসূচিকে এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এর ভূয়সী প্রশংসাও করেছেন। শেকড়ের মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ইটাইল ইউনিয়নের কৃতি সন্তানদের এই ধরনের মহৎ প্রচেষ্টা ও ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে- এমনটাই স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















