মুজিব শতবর্ষের লোগো সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো উড়োচিঠিতে জামালপুরের ইসলামপুর উপজেলার স্বেচ্ছাসেবকদলের এক নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ২২ জুন, সোমবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি পান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামের উপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ রয়েছে। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। উড়োচিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।
চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ এ প্রতিবেদককে বলেন, আমি তখন বাড়িতে না থাকায় পরে জানতে পারি। আবু তালেব নামের এক ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। তারা বলেছেন, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সাথে এমন কোন বিরোধ নেই। কে বা কারা এর পেছনে রয়েছে, কেন এমনটা করেছে তা বুঝতে পারছি না। চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত পড়েছি। এখনও থানায় কোন সাধারণ ডায়েরি করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি জানা নেই। এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 

















