
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর রমজান আলী (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩১ মে সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে বাশঝাড়ের গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রমজান আলী মন্ডলপাড়া গ্রামের কৃষক মাসুদ মন্ডলের ছেলে। সে পাররামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, রমজান আলী ৩০ মে সকাল নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না পেয়ে এলাকায় নিখোঁজের মাইকিং করা হয়। ৩১ মে সকালে মাদরাসা শিক্ষার্থী মন্ডলপাড়ার মালেক মন্ডলের বাড়ির দক্ষিণে বাঁশ ঝাড়ে গর্তে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 


















