এক শীর্ষস্থানীয় মিশরীয় সাংবাদিকের বিচার এবং সংবাদ ওয়েবসাইট ‘মাদা মাসর’ বন্ধের নির্দেশের পর দেশটিতে স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
লাইসেন্স ছাড়া শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদ ওয়েবসাইট ‘মাদা মাসর’ পরিচালনার অভিযোগে ২৭ অক্টোবর, মঙ্গলবার সাংবাদিক লিনা আতাল্লাহকে কয়েক ঘণ্টার জন্য আটক করে মিশরীয় কর্তৃপক্ষ। এর আগে আদালত তাকে ৩০ লাখ মিশরীয় পাউন্ড (৫৩ হাজার ৫০০ মার্কিন ডলার) জরিমানা করেন।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, আতাল্লাহর বিচার মিশরে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সরকারি প্রচেষ্টাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।
ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, ‘মিশরের আইনেই মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার স্বীকৃত, যা একটি মৌলিক অধিকার।’
তিনি এক বিবৃতিতে বলেন, ‘এ পরিস্থিতিতে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব বজায় রাখা ও সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।’
মুখপাত্র মিশর ও ইইউর মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই পক্ষের মধ্যে একটি সহযোগিতা চুক্তি রয়েছে। এই চুক্তিতে ‘গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাসহ সর্বজনীন মূল্যবোধ সমুন্নত রাখার অভিন্ন অঙ্গীকার’ রয়েছে। সূত্র : বাসস
বাংলারচিঠিডটকম ডেস্ক 


















