নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মজয়ন্তী ও জামালপুরের অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গনের তিন যুগ পূর্তি উপলক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী নাট্যোৎসব। ২০ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব চলবে ২২ আগস্ট, শনিবার পর্যন্ত।
গুরু ভাসানের ভেলায় প্রদীপ প্রজ্জলন করে তিনদিনের নাট্যোৎস উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক জাওয়াদুল হক, অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই আলহাদী, থিয়েটার অঙ্গনের অভিভাবক ওবায়দুল্লাহ সুজা, অধিকারী শাহীন রহমান, মূখ্য সংগঠক ফাহিম মালেক ইভানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত ও শাহীন রহমানের নির্দেশনায় থিয়েটার অঙ্গন প্রযোজিত নাটক ‘ঊনচাঁদ’ মঞ্চস্থ হয়। ঢাকার সদরঘাটের ‘চাদনী’ নামে এক পথশিশুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করা হয়। চাদনী নামের ওই পথশিশু শৈশবেই ধর্ষণের শিকার হয়। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় টিকে থাকতে নিজের আত্মপরিচয় লুকিয়ে সে ছেলে মানুষ হিসাবে ‘চান্দু’ নামে আবির্ভূত হয়।
কিন্তু সময়ের সাথে সাথে ঠিকই তার নারীস্বত্বার পরিচয় প্রকাশ পায়। সে নানা সময়ে ধর্ষণের শিকার হয়। একদল পথশিশু পুজিবাদ অর্থনীতির ভেতর কিভাবে জীবন যুদ্ধে টিকে থাকে। বিশেষ করে মেয়ে শিশুদের যে নানা রকম প্রতিবন্ধকতা পার করতে হয় তা অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে মঞ্চে তুলে ধরা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও ঊনচাঁদ নাটকের নাট্যকার সাদিয়া তাবাসসুম বৃষ্টি বলেন, সদর ঘাটের চাদনীর বাস্তব জীবন নিয়ে সত্য ঘটনা অবলম্বনে এবং আমি যেমন সমাজ দেখতে চাই সেই কল্পনা নিয়ে নাটকটি লিখেছি। আমি নিজেও নাটকে অভিনয় করেছি।
নাটকটির নির্দেশক শাহীন রহমান বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্দেশে নাটকটি তৈরি। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে নাটকের বেশ ক্রাইসিস চলছে। খুব একটা শো হচ্ছে না। সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য আমরা নাটকটি নির্মাণ করেছি। পথশিশুদের বঞ্চনার গল্প নাটকে তুলে আনার চেষ্টা করেছি। থিয়েটার অঙ্গনের ১৭ তম প্রযোজনা ঊনচাঁদ নাটকটিতে নতুন-পুরনো মিলে মোট ১৬জন নাট্যকর্মী অভিনয় করেন। তাদের মধ্যে বয়সে নবীন একঝাক নাট্যকর্মী রয়েছে যারা প্রথমবার মঞ্চে এসেছে। গত এক মাস দিন-রাত অক্লান্ত শ্রম ব্যয় করে তারা মঞ্চে দর্শকদের জন্য নাটকটি নির্মাণ করেছে।
উৎসবের প্রথম দিনের মঞ্চায়নে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে প্রযোজনাটি। আগামী ২১ আগস্ট, শুক্রবার জামালপুরের প্রয়াত নাট্য ব্যক্তিত্ব নুরুল আলম সেলিম ও ২২ আগস্ট, শনিবার প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপুকে উৎসর্গ করে একই মঞ্চে সন্ধ্যা সাড়ে ৭টায় ‘ঊনচাঁদ’ নাটকটি প্রদর্শিত হবে।
আগামী ২২ আগস্ট নাটক মঞ্চায়নের পর জেলা শিল্পকলা একাডেমি থেকে আলোর মিছিল ও গুরু ভাসান যাত্রা নিয়ে শহরের ব্রহ্মপুত্র নদে ভেলা ভাসানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















