পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ভিজিএফ চাল নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ও দুঃস্থ পরিবারদের মাঝে বিতরণ করা হচ্ছে। ১৫ মার্চ, রবিবার ভিজিএফ চাল বিতরণ করেন হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও নিযুক্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নে ৪৬ হাজার ৭১১ জন পরিবারের অনুকূলে ৪৬৭ দশমিক ১১০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ডাংধরা ইউনিয়নে সাত হাজার ৬০৬টি পরিবার, চর আমখাওয়ায় সাত ৪০৩টি পরিবার, পাররামরামপুরে সাত হাজার ১৭২টি পরিবার, হাতীভাঙ্গায় তিন হাজার ৮৮১টি পরিবার, বাহাদুরাবাদে সাত হাজার ৭৪০টি পরিবার, চিকাজানীতে পাঁচ হাজার ৩৭টি পরিবার, চুকাইবাড়ীতে তিন হাজার ৫৫৮টি পরিবার এবং দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চার হাজার ৩০৬টি পরিবারের মাঝে এসব ভিজিএফ বিতরণ করা হবে। প্রতিটি পরিবার পাবে ১০ কেজি করে চাল।
প্রকল্প বাস্তবায়ন বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান এ প্রতিবেদককে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নের ৪৬ হাজার ৭১১ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন পরিবারদের মাঝে চাল বিতরণ চলমান রয়েছে। চাল বিতরণে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেজন্য নিযুক্ত কর্মকর্তা তদারকি করবেন।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 









