সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে স্টেশন বাজারে জেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। উনি শুধু বিএনপির অভিভাবক ছিলেন না। জাতির অভিভাবকও ছিলেন। এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে যে আজকে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমরা বলতে চাই যে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হকার নয়। কিন্তু রাজনৈতিক সেই শূন্যতা পূরণ করেই আমাদেরকে পথ চলতে হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান যার রাজনৈতিক যে প্রজ্ঞা আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সেই সততা, স্বচ্ছতা ও আপসহীনতা সেইগুলোকে অনুসরণ করেই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আবারও গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তার আদর্শকে লালন করে আগামী দিনের পথ চলার চেষ্টা করব।
এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, কাজী মসিউর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















