আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ২৯ ডিসেম্বর, সোমবার ইসলামপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তিনি এ আসনে কেন্দ্রীয় বিএনপি মনোনীত দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোয়নপত্র জমাদান শেষে সুলতান মাহমুদ বাবু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই আসনে রিটার্নিং কর্মকতার কাছে জামায়াত ইসলামীর ড. সামিউল হক ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই মনোনয়নবঞ্চিত শরিফুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে এ আসনে শওকত হাসান মিয়া ও মীর শরিফ হাসান লেনিন জেলা রিটার্নিং কর্মকতার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। আর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















