দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই, শুক্রবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বালিজুড়ী বাজার দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। তিনি আরও বলেন, বিএনপি সব সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। আগামীতেও এই দাবি আদায়ে রাজপথে থাকবে বিএনপি।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মুসা প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিএনপির সদস্য সংগ্রহ অভিযান দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করা হয়।
উল্লেখ্য, বিএনপি ১৫ মে থেকে শুরু হওয়া দেশব্যাপী সদস্য নবায়ন ও নতুন সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে আজ মাদারগঞ্জ উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















