জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার এলাকায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজিঅটোরিকশাচালক লাল মিয়ার (৪৫) বিরুদ্ধে। ১৪ মার্চ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই কিশোরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নির্যাতনের শিকার কিশোরীর বাবা এ প্রতিবেদককে জানান, ১৪ মার্চ সকালে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিল। এ সময় কৌশলে মেয়েটিকে ডেকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন একই এলাকার সিএনজিঅটোরিকশাচালক লাল মিয়া। মুখ চেপে ধরায় চিৎকার করতে পারেনি ওই কিশোরী। বিষয়টি প্রতিবেশী কয়েকজন মহিলা টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় লাল মিয়া। বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি জানায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী ওই কিশোরী। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। লাল মিয়ার বাড়ি সদর উপজেলার জামতলী এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি তুলসীপুর এলাকায় শশুরবাড়িতে থাকতেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার ও স্থানীয়রা।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদককে জানান, ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে হাসপাতালে গিয়ে কিশোরীর খোঁজ-খবর নেয়া হয়েছে। শিশুটিকে নির্যাতনকারী লাল মিয়াকে গ্রেপ্তারে একটি টিম মাঠে কাজ করছে।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















