“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
মেলা উদ্বোধন শেষে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে মাদারগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নাদির শাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, বালিজুড়ী ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া সুলতানা, আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ছোয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাদির শাহ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ দিয়ে বলেন, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে। নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সহায়ক ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার বিভিন্ন প্রদর্শনী কক্ষগুলো ঘুরে দেখেন। মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন আধুনিক প্রযুক্তি উপস্থাপন করে। এ মেলায় ১১টি প্রদর্শনী কক্ষে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে। এ মেলা ২২ জানুয়ারি বুধবার বিকাল পর্যন্ত চলবে।
খাদেমুল ইসলাম : সংবাদদাতা মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















