
তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছেন পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম ইয়াহিয়া সিদ্দিক। তবে সেই মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মাহবুব আলম ও সাকোয়াত হোসেন সন্ধ্যাকালীন অভিযোগ টিম হিসেবে কর্তব্য পালন করতে গেলে হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে কুয়াশ (২২) এবং তার দুই সহযোগী একই এলাকার আব্দুস ছালামের ছেলে সোহাগ (২৩) ও মিঠু মিয়ার ছেলে হাফিজুর রহমানের (২০) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বিদ্যুতের লাইনম্যান মাহবুবকে কিল ঘুষি মেরে আহত করেন। গুরুতর আহত অবস্থায় সেই লাইনম্যানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় পল্লী বিদ্যুতের দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম ইয়াহিয়া সিদ্দিক বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় তিনজনকে আসামি করে আজ একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে গতকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চেয়ারম্যানের ছেলের অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানতে হাতিভাংগা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম ইয়াহিয়া সিদ্দিক বলেন, আমাদের এক লাইনম্যানকে মারাত্মকভাবে মারা হয়েছে যার প্রেক্ষিতে থানায় মামলা করেছি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলারচিঠিডটকমকে জানান, পল্লী বিদ্যুতের লাইনম্যানকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 










