
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং নির্ভরযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটির উদ্যোগে গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে গাছের চারা ও মাটির ব্যাংক বিতরণ করা হয়েছে। বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
১০ জুলাই বুধবার বিকালে দেউরপাড় জামতলায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসেম খান। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সংস্থার জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, এরিয়া প্রোগ্রামের সিডিও সাব্বির হোসেনসহ প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে ২০ জন মাকে একটি করে ফলজ একটি করে কাঠের গাছের চারা এবং প্রতিটি মাকে সঞ্চয় জমা করার জন্য মাটির ব্যাংক উপহার দেওয়া হয়। জানা যায়, জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নগর উন্নয়ন কমিটি এবং শরীফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নের প্রতিটি গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে প্রসূতি ও গর্ভবতী মায়েদের মাঝে শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাছের চারা ও ব্যাংক বিতরণ করা করা হয়।

উল্লেখ্য, ওয়ার্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে নগর উন্নয়ন ও গ্রাম উন্নয়ন কমিটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করে আসছে।
বিশেষ করে শিশু সুরক্ষা, জীবিকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণে এপির সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীলকরণে অবদান রাখছে এসব কমিটির সদস্যগণ।
বাংলার চিঠি ডেস্ক : 










