
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা মামলার রায়ে চারজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। ৯ জুন রবিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত দায়রা জজ মুহা. আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি চারজন হলেন সরিষাবাড়ী উপজেলার সামর্থবাড়ী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সোহাগ, ঝালুপাড়া গ্রামের জয়নাল আবেদিন তাহেরীর ছেলে মনি তাহেরী ওরফে মনির হোসেন, সামর্থবাড়ী ঝালুপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. জাকির হোসেন ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. রুবেল মিয়া। তাদের মধ্যে আসামি সোহাগ ও মো. জাকির হোসেন জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
মামলার রায় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি এলাকায় জনৈক লিকু মিয়ার মুরগির ফার্মের কাছেই পাকা রাস্তা থেকে লাইজু মিয়ার ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করে নিয়ে যায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা। একই সঙ্গে আসামিরা রিকশাচালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পিতা মো. আমজাদ হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রুবেল মিয়া ও মো. মনি তাহেরীকে গ্রেপ্তার করে মামলাটিতে আসামিভুক্ত করা হয়। তারা দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সঙ্গে লাইজু মিয়াকে হত্যার ঘটনায় সহযোগী সোহাগ ও জাকির হোসেনের জড়িত থাকার কথাও স্বীকার করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৯ জুন রবিবার দুপুরে উপরোক্ত রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালত।
বাংলার চিঠি ডেস্ক : 



















