জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে তিনটি ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ নভেম্বর, শনিবার দুপুরে উপজেলার জোনাইল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামীম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে জোনাইল পক্ষিমারী এলাকার সোহাগ ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় জোনাইল এলাকার বিআরবি ব্রিকস এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ও ৫১(১) ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটা তিনটির বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযানের সময় ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, প্রয়োজনীয় লাইসেন্স ও কয়লার মানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এই প্রতিবেদককে বলেন, ইটভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, নিম্নমানের কয়লা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ইটভাটা পরিচালনায় প্রচলিত আইন মেনে চলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















