জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত ‘জিয়া সৈনিক’ নামে একটি সংগঠনের সাইনবোর্ড ভেঙে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া খলিলের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান লাখুর প্যানা টানানো হয়েছে।
জিয়া সৈনিক সংগঠনের সভাপতি হেমান্ত ও স্থানীয়দের অভিযোগ, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০১ সালে উপজেলার ভাটারা ইউনিয়ন ‘জিয়া সৈনিক’ নামে একটি সংগঠন গঠন করা হয়। জিয়াউর রহমান, খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম ও সদস্যদের
ছবিসংবলিত ‘জিয়া সৈনিক’ নামে একটি সংগঠনের সাইনবোর্ড ভাটারা মহিষাবাদুরীয়া খলিলের মোড়ে লাগানো হয়।
গত দুইদিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান লাখুর নেতৃত্বে ‘জিয়া সৈনিক’ সংগঠনের সাইনবোর্ড ভেঙে ফেলে দিয়ে তার ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থীর প্যানা টানিয়ে দেয়। সাইনবোর্ড ভাঙচুর ও প্যানা লাগানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান লাখুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা।
এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির জানান, ঘটনাটি নিন্দনীয় কাজ। তবে এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের অভিভাবকেরা এসে ক্ষমা চেয়ে গেছেন বলে জানান তিনি।
মোস্তাফিজুর রহমান লাখু অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, আমি আওয়ামী লীগের লোক নই। আর সাইনবোর্ড ভেঙে আমার মেম্বার পদপ্রার্থীর প্যানা লাগানো হয়েছে সেটা আমি জানি না।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, এ বিষয়ে আমার কোনো তথ্য নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















