শেরপুরের নকলা উপজেলায় চেক পোস্ট বসিয়ে ভারতীয় মদসহ শাহিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
২২ নভেম্বর, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন আলম ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভারতীয় মদের বোতল নিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে নালিতাবাড়ীর সীমানা ছাড়িয়ে নকলা বাইপাসে পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ নকলা থানা পুলিশকে অবহিত করে। পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এই প্রতিবেদককে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 


















