জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ আটক তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ নভেম্বর, শনিবার দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে রিয়াদ (৩০), মাঝিপাড়া এলাকার জহিজল হকের ছেলে এনাতুল হক (৩২) এবং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি পাথরেরচর এলাকার মৃত সুলাইমানের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (২৯)।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, রিয়াদকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং এনাতুল হককে নিজ ঘরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় সাতটি ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। এ ছাড়া জহুরুল ইসলাম জুয়েলকে চেংটিমারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রিয়াদ ও এনাতুল হককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ৯(১) উপ-ধারার (ঘ) দফা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) সারণির ১৭ অনুযায়ী জুয়েলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই প্রতিবেদকে বলেন, সংশ্লিষ্ট আইনে দু’জনকে এক বছর এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 

















