জামালপুর জেলার প্রাচীনতম বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের তৃতীয়তম নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাহাদ মাহমুদ ইবনে হুদা। ৮ ফেব্রুয়ারি, রবিবার থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন।
৭ ফেব্রুয়ারি, শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য সাবেক নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা নব পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। সংস্থার বিধি মোতাবেক সদ্য সাবেক নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লার ৬২ বছর পূর্ণ হওয়ায় দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। তবে সংস্থা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক রফিকুল আমল মোল্লাকে সংস্থার পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ, ১৯৮০ সালে কৃষিবিদ সামছুল হুদা উন্নয়ন সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে দায়িত্ব থেকে অবসর নেন তিনি। জীবদ্দশায় তিনি সংস্থার পরামর্শ হিসাবে দায়িত্ব পালন করেন। সামছুল হুদা ২০১৯ সালে মৃত্যুবরণ করেন।
২০১২ সাল থেকে কর্মতৎপরতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে মো. রফিকুল আলম মোল্লাকে উপনির্বাহী পরিচালক থেকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি দেওয়া হয়। সংস্থার চাকরিবিধির নির্দেশনা অনুযায়ী প্রায় চার দশক শেষে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি, শুক্রবার তিনি দায়িত্ব থেকে অবসর নেন।

৭ ফেব্রুয়ারি নিয়মের ধারাবাহিকতায় উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদাকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি দেওয়া হয়। তিনি সংস্থার তৃতীয়তম নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন।
ফাহাদ মাহমুদ ইবনে হুদা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে লংকা-বাংলা ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এছাড়া ব্র্যাক ইপিল ইনভেস্টমেন্ট এবং লোপ টেকনোলজি লি. এ কর্মরত ছিলেন। তিনি উন্নয়ন সংঘের অবজারভার হিসাবে ১০ বছর নানামুখী কার্যক্রমের পাশাপাশি দুই বছর ধরে উপনির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।
ফাহাদ মাহমুদ বিআইজিএম, ডিএমসি, আইডিসিওএলসহ দেশী, বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। চীন, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশ সফর করেন তিনি।
বিদায়ী নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা আশাবাদ ব্যক্ত করে বলেন, ফাহাদ মাহমুদ ইবনে হুদা তার তারুণ্যের গতি এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সংস্পর্শে সমৃদ্ধ মেধা দিয়ে সংস্থার চলমান উন্নয়ন ধারাকে আরও বেগবান করবেন।
উন্নয়ন সংঘের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সাবেরা হুদা বলেন, উন্নয়ন সংঘ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসাবে রফিকুল আলম মোল্লা সাহেবের পরে ফাহাদ মাহমুদের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেয়াটা এর উৎকৃষ্ট উদাহরণ।
সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন নবাগত নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদাকে অভিনন্দন জানিয়ে বলেন, উন্নয়ন সংঘের মত প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 

















