দুর্গম চরাঞ্চলে অশ্লীল নৃত্য,জুয়া ও মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জামালপুরের ইসলামপুরের অসহায় একটি পরিবার। উপজেলার দুর্গম যমুনার চর সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মন্ডল ও তার পরিবারের সাথে এই ঘটনা ঘটে।
যমুনার চরের প্রভাবশালী হেকমত প্রামাণিক ও তার লোকজনের হুমকিতে ওই পরিবার বর্তমানে অবরুদ্ধ ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করা ভুক্তভোগী ওই পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী জানায়, টগারচরে অবাধে মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্য পরিচালনা করছিল হেকমত প্রামাণিক ও তার লোকজন। একজন সচেতন নাগরিক হিসাবে মোতালেব মন্ডল এর প্রতিবাদ জানান। এই জের ধেরেই হেকমত প্রামাণিক ক্ষিপ্ত হয়ে ৩ নভেম্বর, মঙ্গলবার রাতে মোতালেবকে চেঙ্গানীয়া বাজারে সংলগ্ন ঘাটে পেয়ে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালান। তখন মোতালেব দৌড়ে পালিয়ে জীবন বাঁচান। এ ঘটনার পর থেকেই পুরো পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন হেকমত প্রামানিক।
ভুক্তভোগী মোতালেব মন্ডল এই প্রতিবদেককে বলেন, আমাদের বসতভিটার এই দুর্গম চরাঞ্চল চেঙ্গানিয়া গ্রামে। আমি আর আমার বৃদ্ধ বাবা ছাড়া আমাদের পরিবারের আর কোনো নিকটাত্মীয় নেই। স্থানীয় বাজারে আমার একটি কীটনাশকের দোকান রয়েছে। বর্তমানে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে দোকান চালানো তো দূরের কথা, আবাদি ফসল ও গবাদি পশু নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।
পরিবারটির সদস্যরা আরও জানান, রাতের আঁধারে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এমন অবস্থায় নিজেদের জীবন বাঁচাতে এবং শান্তিতে ব্যবসা ও কৃষিকাজ পরিচালনা করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে হেকমত প্রামানিক এই প্রতিবেদককে বলেন, আমি মাদক কারবারিদের দৌড়ানি দিয়েছি।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















