জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছেন। এ ঘটনায় ৭ মার্চ শুক্রবার উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছে।
ইউএনওর মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠাতে বলা হয়।
এ বিষয়ে ইউএনও মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমার ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরটি একটি প্রতারক চক্র হ্যাক করেছেন। নম্বরটি ব্যবহার করে স্থানীয় সাধারণ লোকজনকে কল করে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করছেন । এ বিষয়ে সতর্ক থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হচ্ছে। তথ্য প্রমাণ যেগুলো আছে সেই অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















