জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কোরবানির পশু পরিবহনের স্পেশাল ক্যাটল ট্রেন। ২২ মে, শুক্রবার বিকাল ৫টায় প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি বগিতে ১৬টি করে গরু নিতে খরচ হবে আট হাজার টাকা। গরু প্রতি গুণতে হবে ৫০০ টাকা। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে। প্রতিটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হয়। এবছর ইসলামপুর থেকে ৭৫টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা।
বিকাল ৫টায় প্রথম ট্রেনটি ছাড়ার দুই ঘণ্টা পর দ্বিতীয় ট্রেনটি ছেড়ে যায়। ২৩ মে, শনিবার বিকালে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, কোরবানি ঈদ উপলক্ষে খামারি ও পাইকারদরে কথা ভেবে সরকার ২০২০ সালে প্রথম কেরবানির পশু পরিবহনে ক্যাটল ট্রেন চালু করে। এরপর থেকে প্রতি বছর খামারি ও পাইকারেরা এ অঞ্চলের পশু ট্রেনে করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এ বছরও পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ে জামালপুরের ইসলামপুর থেকে পশু ঢাকায় নেয়ার জন্য তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দিয়েছে। এসব ওয়াগনের মাধ্যমে প্রায় এক হাজার ২০০টি কোরবানির পশু ঢাকায় পরিবহন করা হবে। এতে প্রতিটি ট্রেনের জন্য রেলওয়ে বিভাগ ভাড়া পাবে দুই লাখ টাকা। ইতোমধ্যেই ২৫টি ওয়াগনে ৪০০ পশু নিয়ে প্রথম ট্রেন ছেড়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় ট্রেনেও সবগুলো ওয়াগনের বুকিং সম্পন্ন হয়েছে।
গফুর সেখ নামে এক ব্যবসায়ী বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হত। বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগত। ট্রাকে করে গেলে গরুর অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গেলে কোন ঝাকি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকায় যাইতেছি।
ব্যবসায়ী আজগর আলী বলেন, ট্রেনে গেলে আমাদের খরচ অর্ধেক লাগে। যেখানে ট্রাকে গেলে বেশি খরচ ও ঝুঁকি বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ট্রাকের বদলে এই ক্যাটল স্পেশাল ট্রেনকেই বেশি পছন্দ করছে।
ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া এ প্রতিবেদককে বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভাল সাড়া পাওয়া গেছে। সড়ক পথের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ কম ও নিরাপত্তা বেশি থাকায় খামারি ও পাইকারদের এমন সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















