এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৯ নভেম্বর, সোমবার তিনি বলেন, হুয়াং ‘ভীষণ মানসিক কষ্টে’ রয়েছেন।
তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক ও বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগের বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে তিনি নিজে কখন জানতে পেরেছেন, সে প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর আগে সোমবার তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। ‘তিনি কেমন আছেন, তা জানতে’ ফোন করেছিলেন বলে জানান ট্রাম্প।
তাইওয়ানে জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তাকে তিনি ‘অসাধারণ মানুষ’ বলেও অভিহিত করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না।
এর জবাবে তিনি ট্রাম্পকে বলেন, ‘আমি জানতামই না যে তিনি গুপ্তচর। আমি তাকে সত্যিই বিশ্বাস করি।’ ট্রাম্প আরও বলেন, আমি আশা করি, কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস, তিনি ভীষণ কষ্টে আছেন।
৮ নভেম্ববর, রবিবার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এ জন্য তিনি তার পরিবার ও প্রতিষ্ঠানের কর্মীদের কাছে ক্ষমা চান।
ট্রাম্প বলেন, গত মে মাসে হুয়াং তার সঙ্গে চীন সফরে যাওয়ার সময় এসব অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হুয়াং মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।
ট্রাম্প বলেন, ‘না, তখন আমি এ বিষয়ে কিছু শুনিনি। তবে অনেকেই এ বিষয়ে শুনেছেন।’
সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের রাষ্ট্রীয় সফরসহ হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুয়াং।
তবে এ বিষয়ে তাকে ঠিক কখন জানানো হয়েছিল, তা স্পষ্ট করেননি ট্রাম্প।
হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না, তা স্পষ্ট করতে এএফপি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে সোমবার এফবিআই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বাংলারচিঠিডটকম ডেস্ক 

















