জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি যুক্তরাষ্ট্রে তাদের প্রথম কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ১০ দিন আগে শনিবার তিনি এ ঘোষণা দেন।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নতুন কারখানাটিতে প্রায় ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সৃষ্টি হবে।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘জর্জিয়া অঙ্গরাজ্যে একটি অসাধারণ কোম্পানির বিপুল গাড়ি উৎপাদন বিনিয়োগের ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি বলেন, ‘অডি জর্জিয়ার ম্যাকন শহরের কাছে ৪২০ কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। আগামী মাসে সেখানে একটি বিশাল কারখানা নির্মাণের কাজ শুরু হবে, যেখানে বছরে ২ লাখ গাড়ি উৎপাদন করা হবে।’
তবে ফক্সভাগেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অডি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারখানাটির নির্মাণকাজ আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০৩০-এর দশকের শুরুর দিকে সেখানে উৎপাদন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই পরিকল্পিত বিনিয়োগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন ঘটানো এবং ইউরোপ ও চীনের পাশাপাশি উত্তর আমেরিকাকে অডির বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কের তৃতীয় প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা।’
জার্মান শিল্প খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ভক্সওয়াগেন যুক্তরাষ্ট্রের শুল্ক, চীনা প্রতিযোগিতা এবং ইউরোপে অনিয়মিত চাহিদার কারণে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে।
গত সেপ্টেম্বরে ১০টি ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত ভক্সওয়াগেন গ্রুপ ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ ১ লাখ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়। এর ফলে পুরো গ্রুপে প্রত্যাশিত চাকরি কমানোর সংখ্যা ৫০ হাজার বেড়েছে।
বৈশ্বিক গাড়ি শিল্পে এ ছাঁটাইকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্প তার কঠোর বাণিজ্যনীতির সাফল্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদন খাতে ‘জোরালো প্রত্যাবর্তন’ ঘটেছে বলে দাবি করেছেন।
২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন দেশ ও পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে গাড়িও রয়েছে।
এর প্রতিক্রিয়ায় জেনারেল মোটরস, টয়োটা ও ফোর্ডসহ বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কারখানার উৎপাদন সম্প্রসারণ কিংবা বিদেশ থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।
ট্রাম্পের বাণিজ্যনীতির বিরুদ্ধে অসন্তোষ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অনুকূলে কাজ করতে পারে বলে দলটি আশা করছে।
জনমত জরিপে প্রতিকূল পরিস্থিতি এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও প্রত্যাশার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইয়ের মুখে ট্রাম্প নির্বাচনের আগে প্রচারণায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
বাংলারচিঠিডটকম ডেস্ক 


















