জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, বিগত দিনে ভোটের আগে যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি, তারা সরিষাবাড়ীর মানুষের কাছে কম এসেছে। এলাকায় তাদের উপস্থিতি ও বিচরণও ছিল কম। বিএনপি লুকোচুরি বা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না। যতটুকু উন্নয়ন করতে পারব। ততটুকু কথাই জনসাধারণকে স্পষ্ট করে জানাব। অতিরিক্ত বা অতিরঞ্জিত কথা বলার কোনো সুযোগ আমাদের নেই।
১৯ অক্টোবর, সোমবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নে যমুনা নদীর শাখা নদীর উপর প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সংসদ সদস্য শামীম তালুকদার আরও বলেন, জনগণকে আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার ফলেই আজ এই দীর্ঘপ্রত্যাশিত সেতু নির্মাণ সম্ভব হচ্ছে। দেশের গ্রাম-অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত আন্তরিক। তবে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে। তাদের কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুর কার্যালয়ের উদ্যোগে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হচ্ছে। উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের এক হাজার মিটার চেইনেজে যমুনা শাখা নদীর উপর এই বৃহৎ অবকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
সেতু নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে আরামনগর ও ঘোড়ামারা বাজার সংলগ্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার পাশাপাশি কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে সময় ও খরচ অনেকটাই বেঁচে যাবে। এটি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















